
ঝাড়গ্রাম: জঙ্গলে জ্বালানি কাঠ ও বনজ সম্পদ সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল ৭৮ বছরের শবর বৃদ্ধ শ্যামাপদ নায়েকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম রেঞ্জের ধাদকিডাঙা এলাকায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জঙ্গল লাগোয়া জনবসতিতে মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে জ্বালানি কাঠ ও অন্যান্য বনজ সম্পদ সংগ্রহের জন্য জঙ্গলে গিয়েছিলেন শ্যামাপদ। ওই এলাকায় দুটি হাতির উপস্থিতির কথা বাসিন্দাদের জানা ছিল। জঙ্গলে ঢোকার পর একটি হাতির সামনে পড়ে যান তিনি। এরপর হাতিটি তাঁকে আক্রমণ করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা এলাকায় পৌঁছলে তাঁদের ঘিরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জঙ্গল লাগোয়া এলাকায় হাতির আনাগোনা থাকা সত্ত্বেও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা প্রয়োজন। হাতির গতিবিধি সম্পর্কে আগাম সতর্কবার্তা দেওয়া এবং জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তামূলক পদক্ষেপ জোরদার করার দাবিও তুলেছেন তাঁরা।
জঙ্গল থেকে জ্বালানি কাঠ ও অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ বহু পরিবারের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। ফলে হাতির উপস্থিতির কারণে এই এলাকায় মানুষের জীবিকা ও নিরাপত্তা দুই বিষয়েই উদ্বেগ বাড়ছে। শ্যামাপদ নায়েকের মৃত্যুর পর সেই উদ্বেগ ফের সামনে এসেছে।


