
বেঙ্গালুরু : কর্নাটক বিধান পরিষদের চারটি আসনে শুক্রবার ভোটগ্রহণ শেষ হয়েছে। দুটি স্নাতক এবং দুটি শিক্ষক নির্বাচনী ক্ষেত্রের এই ভোটে শাসক কংগ্রেসের সঙ্গে বিরোধী বিজেপি ও জনতা দল (সেক্যুলার)-এর প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আগামী ২৭ অক্টোবর ভোটগণনা হবে। ওই দিনই ফল ঘোষণা করা হবে।
শুক্রবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টে পর্যন্ত। দক্ষিণ-পূর্ব স্নাতক, পশ্চিম স্নাতক, উত্তর-পূর্ব শিক্ষক এবং বেঙ্গালুরু শিক্ষক নির্বাচনী ক্ষেত্রের প্রার্থীদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন ব্যালট বাক্সে বন্দি। চারটি আসনেই মূলত কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই হয়েছে। বেঙ্গালুরু শিক্ষক নির্বাচনী ক্ষেত্রে কংগ্রেসের প্রার্থী পুট্টান্নার প্রতিদ্বন্দ্বী জনতা দল (সেক্যুলার)-এর এ পি রঙ্গনাথ।
চার নির্বাচনী ক্ষেত্রের প্রধান প্রার্থীরা হলেন:
দক্ষিণ-পূর্ব স্নাতক: বিজেপির কে এম সুরেশ এবং কংগ্রেসের শশী হুলিকুন্তেমঠ।
পশ্চিম স্নাতক: বিজেপির এস ভি সঙ্কনুর এবং কংগ্রেসের মোহন লিম্বিকাই।
উত্তর-পূর্ব শিক্ষক: বিজেপির শশিল জি নমোশি এবং কংগ্রেসের শরণাপ্পা মট্টর।
বেঙ্গালুরু শিক্ষক:কংগ্রেসের পুট্টান্না এবং জনতা দল (সেক্যুলার)-এর এ পি রঙ্গনাথ।
২৭ অক্টোবর ভোটগণনার পর চারটি আসনের ফলাফল স্পষ্ট হবে। বর্তমান বিধান পরিষদ সদস্যদের চারটি আসনের মেয়াদ আগামী ১১ নভেম্বর শেষ হওয়ার কথা। ফলে নতুন নির্বাচিত সদস্যদের ফলাফল কর্নাটকের পরিষদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।


