E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

২০৪৭-এর বিকশিত ভারত গড়তে সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোদীর

চিন্ময় অমৃত মহোৎসবের উদ্বোধনে যুবশক্তি, আত্মনির্ভরতা ও ভারতীয় জ্ঞান-ঐতিহারে জোর
বিকশিত ভারত গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোদীর, চিন্ময় মিশনের ভূমিকার প্রশংসা। ছবি সৌজন্যে : X

নয়াদিল্লি:২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণে সমাজের সর্বস্তরের মানুষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, সমাজকে বিভক্ত করার চেষ্টা রুখতে ঐক্যবদ্ধ হওয়া, আত্মনির্ভরতার বার্তা ছড়িয়ে দেওয়া এবং দেশের উন্নয়নের সংকল্পে প্রত্যেক নাগরিককে যুক্ত করা জরুরি।

বিকশিত ভারত গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোদীর, চিন্ময় মিশনের ভূমিকার প্রশংসা। ছবি সৌজন্যে : X

প্রধানমন্ত্রীর বক্তব্যে যুবসমাজের ভূমিকা, ভারতীয় সংস্কৃতি ও দর্শনের প্রসার এবং শিক্ষাব্যবস্থায় দেশীয় জ্ঞান-পরম্পরার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। তাঁর কথায়, চিন্ময় মিশন কেবল একটি প্রতিষ্ঠান নয়, একটি ভাবনা। স্বামী চিন্ময়ানন্দের প্রতিষ্ঠিত এই মিশন আধ্যাত্মিক শিক্ষা ও ভারতীয় দর্শনের প্রচারে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। বিকশিত ভারত গড়ার অভিযানে মিশনের সঙ্গে যুক্ত সন্ন্যাসী, আচার্য, সাধক ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

১৯৯৩ সালের স্মৃতি ফিরে দেখলেন প্রধানমন্ত্রী

চিন্ময়ানন্দের সঙ্গে নিজের পরিচয়ের স্মৃতিচারণ করতে গিয়ে মোদী জানান, আধুনিক প্রযুক্তির সাহায্যে গুরুর হলোগ্রাম দেখে তাঁর মনে হয়েছিল, যেন ৩৩ বছর পিছিয়ে গিয়েছেন। ১৯৯৩ সালে বরোদায় স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে সাক্ষাৎ, কথোপকথন, স্নেহ ও আশীর্বাদের স্মৃতি তাঁর মনে ফিরে আসে।

প্রধানমন্ত্রী জানান, ওই বছর শিকাগোয় বিশ্বধর্ম মহাসভার শতবর্ষ উদ্‌যাপনে স্বামী চিন্ময়ানন্দকে আমন্ত্রণ জানাতে তিনি তাঁর কাছে গিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেই অনুষ্ঠানে যোগ দিতে চিন্ময়ানন্দ সম্মতি দিয়েছিলেন। তবে অনুষ্ঠানের কয়েক সপ্তাহ আগে, ৩ অগস্ট সান দিয়েগোতে তাঁর মৃত্যু হয়। ১১ সেপ্টেম্বর শিকাগোয় ধর্মমহাসভার অনুষ্ঠানে গুরুর অনুপস্থিতি গভীরভাবে অনুভব করেছিলেন বলে জানান মোদী।

তিনি বলেন, সেই শেষ সাক্ষাতে যুবশক্তিকে গড়ে তোলা এবং তার মাধ্যমে শক্তিশালী ভারত নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। পরে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং তার পর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়ও গুরুর আশীর্বাদ তাঁর সঙ্গে রয়েছে বলে মনে করেন তিনি। দেশের যুবসমাজকে নীতিনির্ধারণ ও উন্নয়নের কেন্দ্রে রাখার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

৪০ হাজার কিলোমিটার যাত্রা, এক লক্ষের বেশি যুবকের সঙ্গে যোগাযোগ

চিন্ময় অমৃত মহোৎসবের অংশ হিসেবে মিশনের তরুণদের উদ্যোগের প্রশংসা করেন মোদী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চিন্ময় যুব কেন্দ্রের সদস্যরা প্রায় ৩০০ দিনে ৪০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন এবং এক লক্ষের বেশি যুবকের সঙ্গে যোগাযোগ করেছেন। এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় দর্শন ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে বলে জানান তিনি।

উপনিষদের ‘বয়ম্ অমৃতস্য পুত্রাঃ’—অর্থাৎ আমরা অমৃতের সন্তান—বাক্যটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর তাৎপর্য শারীরিক অমরত্ব নয়; বরং চেতনা, জ্ঞান ও উপলব্ধির ধারাবাহিকতা। এই সাংস্কৃতিক বিশ্বাসই বহু শতাব্দী ধরে ভারতীয় সভ্যতার পরিচয়কে ধরে রেখেছে।

বেদের ‘বয়ং রাষ্ট্রে জাগৃয়াম পুরোহিতাঃ’ মন্ত্রের উল্লেখ করে তিনি বলেন, যাঁরা দেশের কল্যাণ চান, তাঁদের জাতিকে জাগ্রত ও উন্নত করার কাজে যুক্ত থাকতে হবে। স্বামী চিন্ময়ানন্দ আধ্যাত্মিকতার পাশাপাশি জাতীয় জীবনের নানা বিষয়েও সক্রিয় ছিলেন। ব্যক্তিগত উন্নতির সঙ্গে আধ্যাত্মিক অগ্রগতি এবং রাষ্ট্রের উন্নয়নকে যুক্ত করাই ছিল তাঁর ভাবনার অন্যতম দিক।

শিক্ষা ও সংস্কৃতির সংযোগে জোর

প্রধানমন্ত্রী বলেন, চিন্ময় মিশনের অধীনে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ লক্ষ শিশু ও তরুণের শিক্ষায় অবদান রাখছে। আধুনিক শিক্ষার পাশাপাশি ভারতীয় সংস্কার ও মূল্যবোধের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করানো হচ্ছে। ভারতীয় জ্ঞান-পরম্পরা, মাতৃভাষায় শিক্ষা, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর দেওয়া জাতীয় শিক্ষানীতির সঙ্গেও এই ভাবনার মিল রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল নির্মাণে স্বামী চিন্ময়ানন্দের অবদানের কথাও স্মরণ করেন মোদী। একনাথ রানাডের উদ্যোগে স্মারক নির্মাণের সময় চিন্ময়ানন্দ পাশে দাঁড়িয়েছিলেন এবং প্রথম আর্থিক সহায়তাও দিয়েছিলেন বলে জানান প্রধানমন্ত্রী।

দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্রের পুনর্গঠনের প্রসঙ্গে তিনি কাশী বিশ্বনাথ ধাম, অযোধ্যার রামমন্দির, উজ্জয়িনীর মহাকাল মহালোক এবং কেদারনাথ-বদ্রীনাথের উন্নয়নের উল্লেখ করেন। কেদারনাথে আদি শঙ্করাচার্যের মূর্তি স্থাপন এবং বিদেশে পাচার হয়ে যাওয়া প্রাচীন মূর্তি দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি।

ভারতীয় সংস্কৃতি ও দর্শনকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্বামী চিন্ময়ানন্দের ভূমিকার সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবসের প্রসঙ্গও যুক্ত করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, নিজেদের ঐতিহ্য সম্পর্কে গর্ব এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্তির আত্মবিশ্বাস দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ।

বক্তব্যের শেষে মোদী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্র আলাদা হতে পারে, কিন্তু দেশের উন্নয়ন ও মর্যাদা রক্ষা একটি অভিন্ন লক্ষ্য। সময়ের সঙ্গে নতুন সামাজিক সমস্যা ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে; সেগুলির সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে। বিকশিত ভারত গড়ার অভিযানে চিন্ময় মিশনের অভিজ্ঞতা ও বিশ্বব্যাপী সংগঠন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আশাপ্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss