
নয়াদিল্লি: বিজয়াদশমী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সমাজমাধ্যমে এক বার্তায় তিনি অধর্মের বিরুদ্ধে ধর্ম এবং অসত্যের বিরুদ্ধে সত্যের জয়ের এই উৎসবের তাৎপর্য তুলে ধরেন।

সৌজন্যে : X
অমিত শাহ লেখেন, বিজয়াদশমী মানুষকে ধর্ম, মর্যাদা ও কর্তব্যের পথে দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলার প্রেরণা দেয়। প্রভু শ্রীরামের কৃপায় সকলের জীবনে আনন্দ ও নতুন শক্তির সঞ্চার হোক বলেও কামনা করেন তিনি। ‘জয় শ্রীরাম’ ধ্বনির মাধ্যমে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছাবার্তা শেষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজয়াদশমী বা দশেরা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে পালিত হয়। দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় আচার, পুজো ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব উদ্যাপিত হয়।


