E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজমঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
Jalsha Ghar

পর্যটনে ডিজিটাল বিপ্লব! এক ক্লিকেই পর্যটন লজের বুকিং, পেমেন্ট ও ঘরের খোঁজ, নতুন পোর্টাল চালু রাজ্যের

ঘরের বিবরণ, ছবি, পরিষেবা ও বুকিংয়ের বর্তমান অবস্থা—সব তথ্য মিলবে নতুন পোর্টালে। পর্যটন কেন্দ্রের প্রচার ও অনলাইন টিকিটিং নিয়েও একাধিক পরিকল্পনা রাজ্যের
পর্যটন লজের অনলাইন বুকিং পরিষেবা সহজ করতে নতুন পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম
পর্যটন লজের অনলাইন বুকিং পরিষেবা সহজ করতে নতুন পোর্টাল চালু করল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম

কলকাতা: পর্যটকদের বুকিং সংক্রান্ত হয়রানি কমাতে ও রাজ্যের পর্যটন পরিষেবাকে আরও আধুনিক করে তুলতে বড়সড় ডিজিটাল পদক্ষেপ পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের (WBTDCL)। চালু হল নতুন অনলাইন বুকিং পোর্টাল। এবার ঘরে বসেই এক ক্লিকে জানা যাবে পর্যটন লজে ঘর খালি রয়েছে কি না। করা যাবে অনলাইন বুকিং, পেমেন্ট ও বুকিংয়ের বর্তমান অবস্থাও দেখা যাবে সহজেই। নতুন পোর্টালে প্রতিটি পর্যটন সম্পত্তির ছবি, ঘরের বিবরণ এবং বিভিন্ন পরিষেবা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি কার্ড ও QR কোডের মাধ্যমে অনলাইন পেমেন্টের সুবিধাও রাখা হয়েছে । নতুন পোর্টালের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ জানান, বর্তমানে WBTDCL-এর অধীনে রয়েছে ৪০টি পর্যটন সম্পত্তি ও মোট ৮১৪টি ঘর। এতদিন পুরনো ওয়েবসাইটের কার্যকারিতা নিয়ে পর্যটকদের একাংশের মধ্যে অসন্তোষ ছিল। বুকিং প্রক্রিয়া সহজ ও কার্যকর না হওয়ায় নানা সমস্যার মুখে পড়তে হত তাঁদের। সেই সমস্যার সমাধান করতেই নতুন ইউজার-ফ্রেন্ডলি পোর্টাল চালু করা হয়েছে। প্রতিটি পর্যটন সম্পত্তিতে পর্যটকদের আনাগোনা বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। শুধু অনলাইন বুকিং নয়, রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির প্রচারেও ডিজিটাল মাধ্যমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি পর্যটন গন্তব্যের ৩০ সেকেন্ডের ভিডিও পোর্টালে আপলোড করার পরিকল্পনা রয়েছে। পর্যটন কেন্দ্রের আকর্ষণ, ইতিহাস ও স্থানীয় সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন এলাকার নিজস্ব গল্প তুলে ধরতে ‘স্টোরি টেলিং’-এর উপর জোর দেওয়া হবে। এছাড়াও ভবিষ্যতে আরও একটি ওয়েবসাইট বা অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে। সেখানে রেজিস্টার্ড হোটেল, ট্যুর অপারেটর ও পর্যটক গাইডদের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। MSME-র মাধ্যমে দক্ষ পর্যটক গাইড তৈরির উদ্যোগও নেওয়া হবে বলে জানানো হয়েছে। পর্যটকদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিতে নতুন পোর্টালে রিভিউ দেওয়ার ব্যবস্থাও থাকছে। পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের কথায়, সমালোচনা আমাদের সামনে আয়না ধরতে সাহায্য করে। পর্যটকদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে পরিষেবার মান আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি জেলাতেই পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকাঠামো উন্নয়ন, মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হবে। কিছু ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে কাজ করার পরিকল্পনাও রয়েছে। পর্যটন সম্পত্তির পরিচালনা ও রেস্তরাঁ পরিচালনার মতো কিছু দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হতে পারে। পাশাপাশি নতুন বুকিং পোর্টালে পর্যটন প্যাকেজ ও তীর্থযাত্রার বুকিংয়ের সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যেসব পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য টিকিট কাটতে হয়, সেখানেও অনলাইন টিকিটিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। বেঙ্গল সাফারির কিছু অংশের টিকিট অনলাইনে পাওয়া যায় কি না, তা নিয়েও বন দফতরের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী। সব মিলিয়ে, পর্যটকদের বুকিংয়ের হয়রানি কমানো, পরিষেবাকে আরও স্বচ্ছ ও সহজ করা ও রাজ্যের পর্যটন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করে তোলার লক্ষ্যেই WBTDCL-এর এই নতুন উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কাচ্চি দরগাহ-বিদুপুর সেতুর নাম ‘নীতীশ সেতু’ রাখার সিদ্ধান্ত ঘিরে আপত্তি জানিয়েছেন তেজস্বী যাদব
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা মন্দিরে দর্শন ও প্রণাম করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
গারুলিয়া পুরসভার ১৬ জন অস্থায়ী কর্মীর হাতে স্থায়ী নিয়োগপত্র তুলে দিচ্ছেন মন্ত্রী অর্জুন সিং
error: Content is protected !!

Don't Miss