
ম্যানিলা: ভারত ও আসিয়ানের সম্পর্ককে আগামী দিনে আরও বিস্তৃত করতে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার প্রযুক্তি, পরমাণু শক্তি, মহাকাশ গবেষণা থেকে শুরু করে যুব সংযোগ ও পর্যটন একাধিক ক্ষেত্রে যৌথ উদ্যোগের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ম্যানিলায় ২৩তম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে তিনি স্পষ্ট করেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ প্রতিযোগিতার নয়, সহযোগিতার উপর নির্ভরশীল। একই সঙ্গে আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয় অবস্থানের প্রতি ভারতের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদী ফিলিপিন্সের প্রেসিডেন্ট মার্কোসকে আসিয়ানের সফল সভাপতিত্বের জন্য অভিনন্দন জানান। ‘নেভিগেটিং আওয়ার ফিউচার, টুগেদার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফিলিপিন্সের সভাপতিত্ব এবং ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশটির সমন্বয়কারী রাষ্ট্রের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
ভারত-আসিয়ান সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি, স্থিতিশীলতা এবং পূর্বানুমানযোগ্য পরিবেশ বজায় রাখতে ভারত ও আসিয়ানকে একসঙ্গে কাজ করতে হবে। মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নিয়মভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পক্ষে ভারতের অবস্থান জানিয়ে তিনি বলেন, এই অঞ্চলের ভবিষ্যৎ সহযোগিতার মাধ্যমেই গড়ে উঠবে।
এক নজরে মোদীর প্রস্তাব:
সামুদ্রিক যোগাযোগ, উপকূলরক্ষী বাহিনীর সহযোগিতা ও দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
সাইবার ফরেনসিক প্রশিক্ষণ, পরমাণু শক্তি, মহাকাশ গবেষণা ও গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে যৌথ উদ্যোগ।
যুব বিনিময়, নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, WAVES ২০২৭-এ যৌথ মঞ্চ এবং আসিয়ানভুক্ত দেশের পর্যটকদের বিনামূল্যে ই-ভিসা।
প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলির মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে সামুদ্রিক সহযোগিতা। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ‘আসিয়ান-ইন্ডিয়া মেরিটাইম কো-অপারেশন প্ল্যান’ তৈরির কথা বলেছেন তিনি। সমুদ্রপথে যোগাযোগ বৃদ্ধি, বৈজ্ঞানিক গবেষণা, দুর্যোগ মোকাবিলা, উপকূলরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়, সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কে নজরদারি এবং নাবিকদের নিরাপত্তা—এই পরিকল্পনার সম্ভাব্য কাজের ক্ষেত্র হিসেবে উঠে এসেছে।
প্রযুক্তি ও নিরাপত্তার ক্ষেত্রেও একাধিক প্রস্তাব দিয়েছেন মোদী। আঞ্চলিক সক্ষমতা বাড়াতে যৌথ সাইবার ফরেনসিক প্রশিক্ষণ কর্মসূচি, পরমাণু শক্তি সংক্রান্ত প্রযুক্তিগত আদানপ্রদান এবং ‘আসিয়ান-ইন্ডিয়া স্পেস হ্যাকাথন’ আয়োজনের প্রস্তাব রয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ ও খনিশিল্পের ক্ষেত্রেও ভারত-আসিয়ান সহযোগিতা বাড়ানোর কথা বলেছেন তিনি।
যুবসমাজকে এই অংশীদারিত্বের সঙ্গে যুক্ত করার উপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। আসিয়ান-ইন্ডিয়া ইয়ুথ সামিট, তরুণ সাংসদদের মধ্যে মতবিনিময় এবং স্টার্টআপ হ্যাকাথনের মাধ্যমে দুই পক্ষের তরুণ প্রজন্মের যোগাযোগ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসিয়ানভুক্ত দেশগুলির শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর কথাও জানিয়েছেন।
সাংস্কৃতিক ও পর্যটন ক্ষেত্রেও সম্পর্কের পরিসর বাড়াতে চায় ভারত। WAVES ২০২৭-এ ‘আসিয়ান-ইন্ডিয়া ক্রিয়েটিভ পার্টনারশিপ প্যাভিলিয়ন’ গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন মোদী। আসিয়ানভুক্ত দেশগুলির পর্যটকদের জন্য বিনামূল্যে ই-ভিসা চালুর প্রস্তাবও তাঁর বক্তব্যে উঠে এসেছে।
সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে অনিশ্চয়তা বাড়লেও ভারত ও আসিয়ানের মধ্যে অভিন্ন মূল্যবোধ, বিশ্বদৃষ্টিভঙ্গি এবং গভীর সাংস্কৃতিক সম্পর্ক অংশীদারিত্বকে নতুন মাত্রা দিয়েছে। ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এই সম্পর্ককে নতুন গতি দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ভারত ও আসিয়ান কেবল প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকলে চলবে না; বরং যৌথভাবে প্রযুক্তি তৈরি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কাজেও এগিয়ে আসতে হবে।
আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয় অবস্থানকে সমর্থনের পাশাপাশি ২০৪৫ সালের ‘আসিয়ান কমিউনিটি ভিশন’ এবং ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’ লক্ষ্যের মধ্যে যোগসূত্রের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, এই দুই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলির মানুষের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হতে পারে।
আগামী ২০২৭ সাল ভারত-আসিয়ান সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করবে। ওই বছর দুই পক্ষের সম্পর্কের ৩৫ বছর পূর্ণ হবে। পাশাপাশি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের পাঁচ বছরও পূর্ণ হবে। সেই উপলক্ষকে সামনে রেখে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
সূত্র: বিদেশ মন্ত্রক, ভারত সরকার (Ministry of External Affairs)


