

পল্লবী নস্কর ,নয়াদিল্লি, ২৭ নভেম্বর
সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের পুলিশি বাধা, হেনস্থা ও আটক করার অভিযোগ ঘিরে এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। প্রতিবাদ কর্মসূচির খবর করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তা এবং তাঁদের পেশাগত স্বাধীনতা কতটা সুরক্ষিত, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দেশের শীর্ষ আদালতে।
গত ২৬ নভেম্বর, বৃহস্পতিবার, প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দিল্লিতে গত ১০ ও ১১ অক্টোবরের প্রতিবাদ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে সাত জন সাংবাদিক পুলিশের হাতে হেনস্থা, আটক এবং বাধার মুখে পড়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই আদালতের দ্বারস্থ হয়েছিল সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন তোলেন, প্রকৃত সাংবাদিক কাদের বলা হবে এবং স্বীকৃত বা অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত সাংবাদিকদের কি স্বঘোষিত সাংবাদিকদের তুলনায় বেশি আইনি সুরক্ষা দেওয়া উচিত? তাঁর পর্যবেক্ষণ, সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি জনশৃঙ্খলা বজায় রাখার বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ।
আদালত সাত জন সাংবাদিকের বিরুদ্ধে ওঠা পুলিশি আচরণের অভিযোগ খতিয়ে দেখতে প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের নিজেদের উপস্থিতি, পুলিশের আচরণ এবং তাঁদের উপর কোনও অতিরিক্ত বলপ্রয়োগ হয়েছিল কি না, সে সংক্রান্ত প্রমাণ কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, দিল্লি পুলিশের বক্তব্য, সংবাদমাধ্যমের সাংবাদিক এবং সামাজিক মাধ্যমের কনটেন্ট নির্মাতাদের এক শ্রেণিতে ফেলা যায় না। পুলিশের দাবি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার কোনও উদ্দেশ্য তাদের ছিল না।
তবে এই ঘটনায় সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার এবং প্রতিবাদস্থলে তাঁদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আপাতত সাত সাংবাদিকের অভিযোগের সত্যতা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। পাশাপাশি সাংবাদিকদের আইনি সুরক্ষার বৃহত্তর বিষয়টিও বিবেচনার মধ্যে রেখেছে সুপ্রিম কোর্ট।


