E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Jalsha Ghar

দুর্গাপুরে ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতালের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, ৩৬ মাসের মধ্যে কাজ শেষের নির্দেশ

৩৬ মাসের মধ্যে নির্মাণকাজ শেষের নির্দেশ, ১০০টি অমৃত সেন্টার ও ৪৬৭টি জনঔষধি কেন্দ্র চালুর পরিকল্পনা; চার জেলায় নতুন মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালে রোগীদের খাবারের বরাদ্দও বাড়ল।
দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে ৫০০ শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় ৩৮ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, জনঔষধি কেন্দ্রে সাশ্রয়ী ওষুধ এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। ছবি: পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক মাধ্যম

স্বস্তিকা অধিকারী, দুর্গাপুর, ২৭ নভেম্বর: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও উন্নত করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে ৫০০ শয্যাবিশিষ্ট ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যান্সারের মতো জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য যাতে রাজ্যের মানুষকে আর ভিনরাজ্যে যেতে না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে নির্ধারিত ৩৬ মাসের আগেই নির্মাণকাজ শেষ করার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে তোলাই নয়, সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ওষুধ ও উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ, জেলা ও মহকুমা হাসপাতাল এবং রাজ্যস্তরের হাসপাতালগুলিতে মোট ১০০টি অমৃত সেন্টার চালু করা হবে। এর মাধ্যমে ক্যান্সার-সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত দামি ওষুধ ৫০ থেকে ৬০ শতাংশ কম দামে পাওয়া যাবে।

পাশাপাশি, আগামী মার্চ মাসের মধ্যে রাজ্যজুড়ে আরও ৪৬৭টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র চালু করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এই কেন্দ্রগুলির মাধ্যমে সাধারণ মানুষ অনেক কম দামে প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন। সরকারি ঘোষণা অনুযায়ী, যেখানে বাজারে ২,০০০ টাকার ওষুধ কিনতে হয়, সেখানে জনঔষধি কেন্দ্র থেকে তা প্রায় ২০০ টাকায় পাওয়া সম্ভব হবে।

স্বাস্থ্যবিমার ক্ষেত্রেও একাধিক সুবিধার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় দেশজুড়ে ৩৮ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। এই দুই স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৬ কোটির বেশি মানুষ আয়ুষ্মান ভারত এবং ২ কোটির বেশি মানুষ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানানো হয়েছে। পাশাপাশি, সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি
পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি

চিকিৎসা পরিষেবার পরিকাঠামো আরও মজবুত করতে রাজ্যের চারটি জেলায় নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলার ঘোষণাও করা হয়েছে। এর ফলে একদিকে যেমন উন্নত চিকিৎসা পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছবে, অন্যদিকে চিকিৎসা শিক্ষার সুযোগও বাড়বে বলে মনে করা হচ্ছে।

এদিন সরকারি হাসপাতালের রোগীদের খাবারের বরাদ্দ বাড়ানোর কথাও জানানো হয়েছে। এতদিন রোগীপিছু দৈনিক পথ্যের জন্য বরাদ্দ ছিল প্রায় ৫৬ টাকা। তা বাড়িয়ে প্রায় ১১০ টাকা করা হয়েছে। এর ফলে হাসপাতালে ভর্তি রোগীদের পুষ্টিকর খাবারের জোগান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায়, অন্যান্য মন্ত্রী, সাংসদ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণ, সাশ্রয়ী ওষুধের জোগান এবং চিকিৎসা পরিষেবাকে সাধারণ মানুষের আরও নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই এই উদ্যোগগুলি নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দুর্গাপুরের মিশন হাসপাতালে ক্যানসার কেয়ার ইউনিটের অনুষ্ঠানে ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পর্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সৌজন্য:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে করা পোস্ট।

Don't Miss