
আরামবাগ, ২৭ নভেম্বর: টোটো চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ। ধৃতদের নাম শেখ জাহির আলী ও কৌশিক পাল। দু’জনেরই বাড়ি আরামবাগ পৌরসভা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সালেপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লালুরচক গ্রামের বাসিন্দা প্রদ্যুৎ কুণ্ড টোটো নিয়ে আরামবাগের লিংক রোড এলাকায় একটি বিয়েবাড়িতে এসেছিলেন। সেই সময় বিয়েবাড়ির বাইরে থেকে তাঁর টোটোটি চুরি হয়ে যায়। ঘটনার পর তিনি আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আরামবাগ থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে আরামবাগের পল্লিশ্রী এলাকা থেকে শেখ জাহির আলী ও কৌশিক পাল নামে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরামবাগের বাসুদেবপুর এবং রামকৃষ্ণ সেতুর নিচ থেকে দুটি টোটো উদ্ধার করে।
শুক্রবার ধৃত দুই অভিযুক্তকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।


