
সায়ন্ত মাউর ,কলকাতা , ১৮ নভেম্বর :বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপটি ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলি—বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দুর্যোগের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই আগাম সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী ৭২ ঘণ্টা মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা থাকায় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত রাখা হয়েছে। নাগরিকদের অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।


