
সায়ন্ত মাউর, পূর্ব বর্ধমান, ২৬ নভেম্বর:আজ বৃহস্পতিবার, সমগ্র দেশজুড়ে পালিত হচ্ছে ভারতের সংবিধান দিবস বা ‘সমবিধান দিবস’। ১৯৪৯ সালের এই ঐতিহাসিক দিনেই গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, যা পরবর্তীতে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কার্যকর হয়। কিন্তু সাধারণ মানুষের কাছে সংবিধান ঠিক কী? সহজ কথায়, সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন এবং প্রতিটি নাগরিকের মৌলিক অধিকারের রক্ষাকবচ। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও আর্থ-সামাজিক অবস্থান নির্বিশেষে দেশের প্রতিটি মানুষকে সমান অধিকার ও মর্যাদা প্রদান করাই এর মূল লক্ষ্য।
ভারতীয় সংবিধানের রূপকার বা জনক ড. বি. আর. আম্বেদকর তাঁর ব্যক্তিগত জীবনসংগ্রাম ও অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন যে, সমাজের পিছিয়ে পড়া ও নিপীড়িত মানুষের মুক্তির একমাত্র পথ হলো একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক সংবিধান। ভারতবর্ষের মতো বৈচিত্র্যময় ও বহুভাষিক দেশে যুগে যুগে বর্ণবৈষম্য এবং উচ্চবিত্তের দ্বারা নিম্নবিত্তের ওপর শোষণ ও অত্যাচার চলে এসেছে।
সংবিধান সেই সমস্ত বৈষম্যের উর্ধ্বে উঠে দেশের প্রতিটি নাগরিককে একটি নির্দিষ্ট নিয়ম, মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের অভিন্ন সীমানায় আবদ্ধ করেছে।একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সংবিধান। এটি দেশকে এককেন্দ্রিক স্বৈরশাসনের হাত থেকে রক্ষা করে। স্বাধীন বিচারব্যবস্থা ও আইনি কাঠামোর ওপর সাধারণ মানুষের অগাধ আস্থা রয়েছে, কারণ সংবিধানই প্রত্যেক নাগরিককে একটি ভোটের মাধ্যমে সরকার নির্বাচনের ক্ষমতা দিয়েছে। এছাড়া অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার অধিকার, শিক্ষা ও ধর্মীয় স্বাধীনতা, সামাজিক সংস্কার এবং সময়ের প্রয়োজনে নতুন আইন প্রণয়নের পথও এই সংবিধানই প্রশস্ত করেছে।
তবে কেবল সংবিধান থাকলেই চলবে না, এর সঠিক প্রয়োগ ও গুরুত্ব সম্পর্কে দেশের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। অনেক সময় সমাজের প্রভাবশালী ব্যক্তিরা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে সংবিধানকে উপেক্ষা করেন এবং সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বা প্রতিবাদী কণ্ঠস্বরকে অসৎ উপায়ে দমিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু ভারতের সংবিধান ও বিচারব্যবস্থা বারবার সেই সমস্ত নিরপরাধ মানুষকে মুক্ত করেছে এবং অন্যায়কারীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছে।সংবিধান দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিন নয়, এটি গণতন্ত্রের এক মহোৎসব। আজকের এই বিশেষ দিনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আদালত এবং সরকারি দপ্তরে নানা অনুষ্ঠানের মাধ্যমে সংবিধানের আদর্শ ও মূল্যবোধ উদ্যাপন করা হচ্ছে।
এই উৎসবের মূল উদ্দেশ্য হলো সংবিধানের মৌলিক নীতি, ন্যায়বিচারের প্রক্রিয়া এবং এর যৌক্তিকতা সাধারণ মানুষের কাছে নতুন করে পৌঁছে দেওয়া। দেশের প্রান্তিক গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের শিক্ষিত সমাজ—প্রত্যেকেই যখন সাংবিধানিক শিক্ষায় শিক্ষিত হয়ে নির্ভয়ে নিজেদের অধিকার ও বিচারব্যবস্থা সম্পর্কে সচেতন হবেন, তখনই প্রকৃত অর্থে দেশ প্রকৃত শিক্ষায় আলোকিত হবে।
আসুন, আজকের এই পবিত্র দিনে আমরা সংবিধানের আদর্শ, গণতান্ত্রিক চেতনা এবং নাগরিক কর্তব্য সম্পর্কে নিজেদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করি। সংবিধানকে জানুন, এর মর্যাদা রক্ষা করুন এবং দেশকে অগ্রগতির চরম শিখরে পৌঁছে দেওয়ার শপথ নিন।জয় হিন্দ! বন্দেমাতরম!


