E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজরবিবার, নভেম্বর ২৯, ২০২৬
Jalsha Ghar

‘মন কি বাত’-এর ১৪০তম পর্বে নেশামুক্ত যুবসমাজ, সাইবার সুরক্ষা ও ভারতের সাফল্যের কথা তুলে ধরলেন মোদী

মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই থেকে সাইবার প্রতারণা রোধ, হারানো মোবাইল উদ্ধার থেকে ভারতীয় শিল্প-সংস্কৃতির আন্তর্জাতিক স্বীকৃতি—‘মন কি বাত’-এর ১৪০তম পর্বে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুবসমাজ, প্রযুক্তি, স্বাস্থ্য সচেতনতা ও দেশীয় পণ্যের প্রসারে দিলেন বিশেষ বার্তা
মন কি বাতের ১৪০তম পর্বে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মন কি বাতের ১৪০তম পর্বে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পল্লবী নস্কর,নয়াদিল্লি: মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই, সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধি, হারানো মোবাইল উদ্ধার, সাইবার প্রতারণা রোধ, ভারতের মিউজিয়াম ও শিল্পকলার আন্তর্জাতিক স্বীকৃতি থেকে শুরু করে দেশীয় পণ্যের রপ্তানি এবং ক্রীড়াক্ষেত্রের সাফল্য—রবিবার ‘মন কি বাত’-এর ১৪০তম পর্বে একাধিক বিষয় তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানোর পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার, স্বাস্থ্য সচেতনতা এবং ভারতীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপরেও জোর দেন তিনি।

 

মাদকাসক্তির বিরুদ্ধে লড়াইয়ে যুবকদের পাশে থাকার বার্তা

 

অনুষ্ঠানের শুরুতেই মাদকাসক্তির বিপদ নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। দিল্লির এক যুবকের সঙ্গে সরাসরি কথোপকথনে উঠে আসে কীভাবে দশম শ্রেণিতে পড়ার সময় নেশার জগতে প্রবেশ, ধীরে ধীরে আসক্তি, পরিবারের সদস্যদের মৃত্যু, আত্মীয়স্বজনের বিচ্ছিন্নতা এবং রাস্তায় দিন কাটানোর মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। একাধিকবার পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নেওয়ার পর শেষ পর্যন্ত কীভাবে তিনি নেশা থেকে বেরিয়ে আসেন, সেই অভিজ্ঞতা শোনেন মোদী। যুবকদের উদ্দেশে ওই যুবকের বার্তা, নেশার সাময়িক আনন্দের বিনিময়ে ব্যক্তিগত জীবন ও পরিবারের উপর যে ক্ষতি নেমে আসে, তার কোনও ইতিবাচক দিক নেই। নিজের ইচ্ছাশক্তির জোরে জীবনকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

 

সরকারি কর্মীদের প্রশিক্ষণে ‘আইগট কর্মযোগী’ প্ল্যাটফর্ম

 

সরকারি কর্মীদের নতুন কিছু শেখার আগ্রহের প্রশংসা করে প্রধানমন্ত্রী ‘আইগট কর্মযোগী’ ডিজিটাল প্ল্যাটফর্মের কথা তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এই মঞ্চে ১৭টি ভারতীয় ভাষায় সাত হাজারেরও বেশি প্রশিক্ষণ কোর্স রয়েছে। লক্ষ লক্ষ সরকারি কর্মী ইতিমধ্যে বিভিন্ন কোর্স সম্পূর্ণ করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন প্রযুক্তি এবং ভারতীয় সাংকেতিক ভাষার মতো বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা। অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী ও সাফাইকর্মীদের মতো সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যুক্ত সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধির সুফল পরিষেবার ক্ষেত্রেও পড়বে বলে জানান মোদী।

 

হারানো মোবাইল উদ্ধারে ‘সঞ্চার সাথী’, সাইবার প্রতারণা রুখতে নাগরিকদের উদ্যোগ

 

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে কেন্দ্রীয় সরকারের ‘সঞ্চার সাথী’ পোর্টাল ও অ্যাপের কার্যকারিতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এই পোর্টালে ইতিমধ্যে ৩০ কোটিরও বেশি বার প্রবেশ করা হয়েছে এবং প্রায় তিন কোটি বার অ্যাপটি ডাউনলোড হয়েছে। মোবাইলের আইএমইআই নম্বর ব্যবহার করে ফোন ব্লক করা এবং নতুন সিমের মাধ্যমে সেটি ব্যবহারের চেষ্টা হলে পুলিশের পক্ষে তার সন্ধান পাওয়া সহজ হয়। এই ব্যবস্থার সাহায্যে ১৪ লক্ষেরও বেশি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

সাইবার প্রতারণার বিরুদ্ধে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান মোদী। পুণের হিমাংশু সিংয়ের ৩০০টিরও বেশি সন্দেহজনক নম্বরের বিরুদ্ধে রিপোর্ট করার উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। তাঁর প্রচেষ্টায় গত এক বছরে প্রায় ১৮ হাজার মোবাইল সংযোগ বাতিল করা সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। অন্ধ্রপ্রদেশের নেল্লোরের বিবেক আল্লারির ৯০০টিরও বেশি প্রতারণামূলক নম্বরের তথ্য জমা দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। এই ধরনের নাগরিক উদ্যোগে প্রায় ১৭ হাজার মোবাইল সংযোগ বাতিল করা সম্ভব হয়েছে বলে জানান মোদী। তাঁর দাবি, সঞ্চার সাথীর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সহযোগিতায় সম্ভাব্য পাঁচ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি আটকানো গিয়েছে।

 

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বিহার ও বড়নগরের মিউজিয়াম

 

ভারতের মিউজিয়াম ও ঐতিহ্য সংরক্ষণের সাফল্য নিয়ে বিশেষভাবে আলোচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, পাটনার বিহার মিউজিয়াম বিশ্বের ১০০টি শ্রেষ্ঠ মিউজিয়ামের তালিকায় নবম স্থান অর্জন করেছে এবং এশিয়ার মধ্যে প্রথম স্থানে রয়েছে। অন্যদিকে, গুজরাতের বড়নগরে গড়ে ওঠা ‘অনন্ত অনাদি বড়নগর আর্কিওলজিক্যাল মিউজিয়াম’ পেয়েছে আন্তর্জাতিক ডিজাইন সম্মান ‘রেড ডট: বেস্ট অব দ্য বেস্ট অ্যাওয়ার্ড’। ভারতের প্রথম মিউজিয়াম হিসেবে এই সম্মান পাওয়ার কথা জানান তিনি। মিউজিয়ামটিতে পাঁচ হাজারেরও বেশি প্রাচীন নিদর্শন প্রদর্শিত হচ্ছে। বড়নগরের সঙ্গে নিজের জন্মস্থান এবং কাশীর সাংসদ হিসেবে ব্যক্তিগত যোগসূত্রের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

 

ভেনিসে ভারতীয় শিল্পের সাফল্য, ডিসেম্বরে দিল্লিতে ‘ইন্ডিয়া বিয়েনালে’

 

ইতালির ভেনিসে আয়োজিত ‘ভেনিস আর্ট বিয়েনালে’-তে ভারতের প্যাভিলিয়নের সাফল্যের কথা জানান মোদী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে চার লক্ষ দর্শক ভারতের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের ভোটে ভারতীয় প্যাভিলিয়ন সেরা নির্বাচিত হয়েছে। ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পকে নতুন আঙ্গিকে তুলে ধরলে তা আন্তর্জাতিক দর্শকদের মন জয় করতে পারে বলে মন্তব্য করেন তিনি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লিতে শুরু হতে চলা ‘ইন্ডিয়া বিয়েনালে’-র কথাও জানান প্রধানমন্ত্রী। ১০৮ দিন ধরে দেশের ঐতিহাসিক স্মারক, মিউজিয়াম ও আর্ট গ্যালারিগুলি এই আয়োজনের অংশ হবে।

 

ইউরোপে পৌঁছল ইরোডের গুড়, আন্তর্জাতিক বাজারে ভারতীয় চকলেট

 

দেশীয় পণ্য ও খাদ্যশিল্পের প্রসঙ্গে তামিলনাড়ুর ইরোডের অর্গানিক পামিরা গুড়ের ইউরোপে রপ্তানির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভারতীয় চকলেটের রপ্তানি গত বছরে প্রায় ২৫ শতাংশ বেড়েছে বলেও জানান তিনি। দেশের বিভিন্ন প্রান্তে চকলেট প্রস্তুতকারক সংস্থা ও স্টার্টআপগুলি স্থানীয় উপকরণ ব্যবহার করে নতুন স্বাদের পণ্য তৈরি করছে বলে উল্লেখ করেন মোদী।

 

গুজরাতের কচ্ছের উটের দুধ দিয়ে চকলেট, কেশর-স্বাদের দুধ এবং রাজভোগ আইসক্রিম তৈরির কথাও বলেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সরহদ ডেয়ারিতে উটের দুধ সংগ্রহের পরিমাণ দৈনিক ১,৩০০ লিটার থেকে বেড়ে ৫,৫০০ লিটারে পৌঁছেছে। দীর্ঘদিন সংরক্ষণের উপযোগী প্যাকেট এবং গুঁড়ো দুধ তৈরির ফলে কচ্ছের বাইরেও এই পণ্য পৌঁছনোর সুযোগ বেড়েছে। পাশাপাশি সুরাটের ‘শ্মিটেন’ চকলেটের আন্তর্জাতিক পরিচিতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

 

‘সানডেজ অন সাইকেল’-এর ১০০ পর্ব, ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা

 

শরীরচর্চার প্রসঙ্গে ‘ফিট ইন্ডিয়া’-র ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচির ১০০তম পর্ব পূর্ণ হওয়ার কথা জানান মোদী। ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হওয়া এই উদ্যোগে দেশের ৩০ হাজারেরও বেশি জায়গায় প্রায় ৩৭ লক্ষ মানুষ অংশ নিয়েছেন বলে জানান তিনি। পুনেতে ২০৩২ সালের ইউসিআই রোড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

 

ক্রীড়াক্ষেত্রে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করে দশমবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় ফুটবল দলকে অভিনন্দন জানান তিনি। ব্যাডমিন্টনে লক্ষ্য সেনের জার্মানি ও জাপানে পরপর দুটি সুপার ৫০০ শিরোপা জয় এবং কুমামোতো মাস্টার্সে প্রথম ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার কথাও তুলে ধরেন। পি ভি সিন্ধুর হাইলো ওপেন জয়ের জন্যও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আগামী ১১ থেকে ২২ ডিসেম্বর তেলেঙ্গানার ছয়টি শহরে অষ্টম খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

 

স্থূলতা রুখতে খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় জোর

 

শীতের মরসুমে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে খাবারে তেলের ব্যবহার ১০ শতাংশ কমানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। স্থূলতাকে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ওজন নানা ধরনের রোগের কারণ হতে পারে। তাই খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শরীরচর্চার দিকেও নজর দিতে হবে। ফিট ইন্ডিয়া আন্দোলনকে আরও সক্রিয় করার আহ্বান জানান তিনি।

 

কানাডায় ভারতীয়দের সেবামূলক উদ্যোগের প্রশংসা

 

বিদেশে বসবাসকারী ভারতীয়দের সমাজসেবামূলক কাজের প্রসঙ্গে কানাডার ‘সাই ধাম ফুড ব্যাঙ্ক’-এর কথা তুলে ধরেন মোদী। এই সংস্থার লক্ষ্য, কেউ যেন অভুক্ত অবস্থায় ঘুমোতে না যান। গ্রেটার টরন্টো ও হ্যামিল্টন এলাকায় প্রতি মাসে প্রায় ৬০ হাজার মানুষ এই উদ্যোগের মাধ্যমে সাহায্য পান বলে জানান প্রধানমন্ত্রী। প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কাছেও খাবার পৌঁছে দেওয়া হয়। কানাডার রেড এফএম-এর সঙ্গে যুক্ত কুলবিন্দর সংঘেরার কমিউনিটি রেডিওকে সমাজসেবার কাজে ব্যবহারের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

 

শোভা সিং ও বি এন রাওকে শ্রদ্ধা

 

অনুষ্ঠানের শেষ পর্বে শিখ গুরুদের বিখ্যাত প্রতিকৃতি নির্মাতা শিল্পী শোভা সিংয়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেনাবাহিনীতে ড্রাফটসম্যান হিসেবে কাজ করার পাশাপাশি বাগদাদেও তিনি দায়িত্ব পালন করেছিলেন বলে উল্লেখ করেন মোদী। তাঁর সম্মানে স্মারক মুদ্রা প্রকাশের বিষয়টিও তুলে ধরেন তিনি।

 

ভারতীয় সংবিধানের রূপরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বি এন রাওয়ের অবদানও স্মরণ করেন প্রধানমন্ত্রী। ৩০ নভেম্বর তাঁর প্রয়াণদিবসের আগে শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, ভারতীয় সংবিধান নির্মাণে তাঁর ঐতিহাসিক অবদান দেশ চিরকাল মনে রাখবে।

 

অনুষ্ঠানের শেষে ‘মন কি বাত’-এর শ্রোতাদের পাঠানো বার্তা, অভিজ্ঞতা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। আগামী মাসে ফের দেশবাসীর সঙ্গে এই অনুষ্ঠানে মিলিত হওয়ার প্রত্যাশা প্রকাশ করেন তিনি।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

নবদ্বীপ ও মায়াপুরে নদীপথ, ঘাট ও সেতু নির্মাণের সম্ভাবনা পরিদর্শন করছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায়
নবদ্বীপ ও মায়াপুরে নদীপথ, ঘাট ও সেতু নির্মাণের সম্ভাবনা পরিদর্শন করছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায় ছবি : নিজস্ব
আসানসোলের ইসমাইলে প্রতাপ দাস-কাণ্ডে গুলির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক দল
আসানসোলের ইসমাইলে প্রতাপ দাস-কাণ্ডে গুলির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক দল ছবি : নিজস্ব
হায়দরাবাদের MCRHRD-তে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে সৌজন্য সাক্ষাতে অভিনেতা মহেশ বাবু
বল্লভাচার্যের জন্মস্থানে ১৪৮ কোটির আধ্যাত্মিক কেন্দ্রের পরিকল্পনা, জানালেন অমিত শাহ
বল্লভাচার্যের জন্মস্থানে ১৪৮ কোটির আধ্যাত্মিক কেন্দ্রের পরিকল্পনা, জানালেন অমিত শাহ সৌজন্যে : @AmitShah /X

Don't Miss