E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজশুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Jalsha Ghar

জমি বিক্রির হিসাব ঘিরে বিবাদ, বকেয়া ৭৩ লক্ষ টাকার দাবি জমি মালিকের

১১ কাঠা জমি বিক্রি, কিন্তু টাকা মিলেছে ৯ কাঠার! বাকি ৭৩ লক্ষ ২০ হাজার টাকা পাওনা বলে দাবি জমির মালিকের। জমির রেকর্ডে অন্য তিনজনের নাম ওঠা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ডোমজুড় থানার দ্বারস্থ রাজকুমার পণ্ডিত
ডোমজুড়ে জমি বিক্রির বকেয়া টাকা ও মালিকানা নিয়ে বিবাদের অভিযোগ
ডোমজুড়ে জমি বিক্রির বকেয়া টাকা ও মালিকানা নিয়ে বিবাদের অভিযোগ ছবি : নিজস্ব

সৌম্য বৈদ্য , হাওড়া: জমি বিক্রি হয়েছিল ২০২২ সালে। কিন্তু সেই লেনদেনের হিসাব মেলেনি আজও। জমির পরিমাণ ১১ কাঠা, অথচ দাম দেওয়া হয়েছে ৯ কাঠার। এমনই অভিযোগ তুলেছেন ডোমজুড়ের বাসিন্দা রাজকুমার পণ্ডিত। তাঁর দাবি, জমির নির্ধারিত মূল্য বাবদ এখনও ৭৩ লক্ষ ২০ হাজার টাকা পাওনা রয়েছে। পাশাপাশি, জমির অবশিষ্ট দুই কাঠার অধিকারও তাঁদের ফিরিয়ে দেওয়া হয়নি। এরই মধ্যে সংশ্লিষ্ট জমির সরকারি রেকর্ডে অন্য তিন ব্যক্তির নাম উঠে আসায় বিবাদ আরও জটিল হয়েছে। জমি বিক্রির অর্থ, মালিকানা এবং পরবর্তী ঘটনাবলি নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। রাজকুমার পণ্ডিতের বক্তব্য অনুযায়ী, ডোমজুড়ের জিএল নম্বর ৩৩-এর অন্তর্গত জিপিএস স্কুল সংলগ্ন এলাকায় আরএস দাগ নম্বর ৫৭৯৬ এবং এলআর দাগ নম্বর ৭২৯৫-এর অধীনে প্রায় ৩৮ শতক বা ১১ কাঠা জমির যৌথ মালিক তিনি ও তাঁর ভাই উত্তম পণ্ডিত। দীর্ঘদিন ধরে জমির দেখাশোনা ও চাষাবাদ করা সম্ভব হচ্ছিল না। সেই কারণেই জমি বিক্রির সিদ্ধান্ত নেন দুই ভাই। এই সময় শ্যামসুন্দর বেলেল ও তাঁর স্ত্রী টুম্পা বেলেল জমিটি কেনার আগ্রহ প্রকাশ করেন।
জমির পরিমাণ নিয়েই প্রথমে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয় বলে অভিযোগ। রাজকুমারের দাবি, জমি ১১ কাঠা হলেও ক্রেতার পক্ষ থেকে ৯ কাঠার হিসাব দেওয়া হয়। এই আপত্তির কারণে প্রথমে রেজিস্ট্রি করতে রাজি হননি তাঁরা। পরে শ্যামসুন্দর বেলেল স্ট্যাম্প পেপারে লিখিতভাবে অঙ্গীকার করেন, জমি মেপে ১১ কাঠা পাওয়া গেলে সেই অনুযায়ী বাকি অর্থ পরিশোধ করা হবে। এই আশ্বাসের পর ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়। রাজকুমারের দেওয়া হিসাব অনুসারে, প্রতি কাঠা ১৩ লক্ষ টাকা হিসেবে ৯ কাঠা জমির মূল্য ধার্য হয়েছিল ১ কোটি ১৭ লক্ষ টাকা। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্ক মারফত ও নগদে দুই ভাইকে মোট ৪৩ লক্ষ ৮০ হাজার টাকা দেওয়া হয়। তাঁর দাবি, নির্ধারিত মূল্যের তুলনায় এখনও ৭৩ লক্ষ ২০ হাজার টাকা বকেয়া রয়েছে। এর পাশাপাশি, জমির প্রকৃত পরিমাণ ১১ কাঠা হওয়ায় অবশিষ্ট দুই কাঠা জমি অথবা তার ন্যায্য বাজারমূল্য তাঁদের প্রাপ্য বলেও দাবি করেছেন তিনি। অভিযোগ, রেজিস্ট্রির পর থেকে একাধিকবার জমির মাপজোক ও বকেয়া অর্থ পরিশোধের জন্য শ্যামসুন্দর বেলেলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি। কখনও ব্যস্ততার কথা, কখনও পরে জমি মাপার আশ্বাস দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি রাজকুমারের। তাঁর ভাই উত্তম পণ্ডিত দিল্লি থেকে ফোন করলেও তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত নিজের উদ্যোগেই জমি মাপার ব্যবস্থা করেন রাজকুমার। তাঁর দাবি, জমি মাপজোকের অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে মাপ করানোর পর জমির পরিমাণ ১১ কাঠা বা প্রায় ৩৮ শতক পাওয়া যায়। এরপর শ্যামসুন্দর বেলেলকে ফোন করে তাঁর নিজস্ব আমিনের উপস্থিতিতে পুনরায় জমি মাপার অনুরোধ জানান তিনি। কিন্তু অভিযোগ, সেই ফোনের কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি লাঠি হাতে জিপিএস স্কুলের সামনে সংশ্লিষ্ট জমির কাছে হাজির হন। সেখানে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, মাপজোকের কাগজ ছিঁড়ে দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতির ভয়ে তাঁরা সেখান থেকে চলে আসতে বাধ্য হন বলে জানিয়েছেন রাজকুমার। বিষয়টি নতুন মোড় নেয় ভূমি দপ্তরের রেকর্ড খতিয়ে দেখার পর। রাজকুমারের দাবি, ২০২৬ সালের ৬ জুলাই সংশ্লিষ্ট জমির নথি পরীক্ষা করতে গিয়ে তিনি দেখতে পান, ওই ৩৮ শতক জমির মালিক হিসেবে রাধেশ্যাম গুপ্তা, রাজেশ গুপ্তা ও প্রদীপ গুপ্তার নাম নথিভুক্ত হয়েছে। কীভাবে তাঁদের দুই ভাইয়ের যৌথ মালিকানাধীন জমির রেকর্ডে অন্য ব্যক্তিদের নাম উঠল, কোন প্রক্রিয়ায় এই পরিবর্তন হল—তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জমির রেকর্ড পরিবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়া তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারী। এরপর ২০২৬ সালের ২১ জুলাই সকালে উত্তম পণ্ডিত শ্যামসুন্দর বেলেলকে ফোন করে পুরনো হিসাব মেটানো এবং অবশিষ্ট দুই কাঠা জমির বিষয়টি মীমাংসার অনুরোধ করেন বলে জানিয়েছেন রাজকুমার। সেই কথোপকথনে তিনিও উপস্থিত ছিলেন বলে তাঁর দাবি। অভিযোগ, তখন শ্যামসুন্দর বেলেল জানিয়ে দেন, জমি তাঁর নিজের সম্পত্তি, তিনি তা বিক্রি করে দিয়েছেন এবং দুই ভাইকে আর কোনও টাকা বা জমি দেওয়া হবে না। পুলিশ কিংবা আদালতের দ্বারস্থ হলেও কিছু করতে পারবেন না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রাজকুমার পণ্ডিত জানিয়েছেন, সমস্ত ঘটনা জানিয়ে তিনি ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর কাছে থাকা এফআইআরের প্রতিলিপি অনুযায়ী, ২০২৬ সালের ১৮ নভেম্বর অভিযোগটি নথিভুক্ত হয়েছে। সেখানে শ্যামসুন্দর বেলেল ও বুম্পা বেলেলের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ রয়েছে। এফআইআরে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৬(২), ৩১৮(৪) এবং ৩(৫) ধারার উল্লেখ রয়েছে। রাজকুমারের আবেদন, জমির প্রকৃত পরিমাণ ও মালিকানা, বিক্রির অর্থের হিসাব, স্ট্যাম্প পেপারে দেওয়া অঙ্গীকার এবং ভূমি দপ্তরের রেকর্ডে নাম পরিবর্তনের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। একই সঙ্গে জমি মাপজোকের সময় হুমকি ও কাগজপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগেরও তদন্ত দাবি করেছেন তিনি। বকেয়া অর্থ ও অবশিষ্ট জমির ন্যায্য অধিকার ফিরে পাওয়ার পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন ওই বৃদ্ধ। একটি জমি বিক্রির লেনদেন থেকে শুরু হওয়া বিরোধ এখন গড়িয়েছে জমির রেকর্ড ও মালিকানা সংক্রান্ত প্রশ্নে। অভিযোগের প্রতিটি দিকের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করে দেখা জরুরি। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবন ‘শীশ মহল’, সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল বিজেপি সরকার। ছবি: সংগৃহীত; গ্রাফিক্স: স্বস্তিকা অধিকারী
দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে ৫০০ শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় ৩৮ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, জনঔষধি কেন্দ্রে সাশ্রয়ী ওষুধ এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। ছবি: পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক মাধ্যম
দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে ৫০০ শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় ৩৮ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, জনঔষধি কেন্দ্রে সাশ্রয়ী ওষুধ এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণের নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। ছবি: পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক মাধ্যম
দুর্গাপুরের মিশন হাসপাতালে ক্যানসার কেয়ার ইউনিটের অনুষ্ঠানে ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পর্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সৌজন্য:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে করা পোস্ট।
দুর্গাপুরের মিশন হাসপাতালে ক্যানসার কেয়ার ইউনিটের অনুষ্ঠানে ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন পর্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সৌজন্য:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে করা পোস্ট।

Don't Miss