
রবিবার থেকে আরামবাগ পৌরসভার উদ্যোগে শুরু হল ‘প্রধানমন্ত্রী শহরী আবাস মেলা’। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আরামবাগ পৌরসভা প্রাঙ্গণে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই মেলা। এখানে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি প্রকল্প সংক্রান্ত তথ্য জানতে পারবেন সাধারণ মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পৌরসভার প্রশাসক সমর দত্ত-সহ অন্যান্য আধিকারিকরা। যেসব পরিবারের পাকা বাড়ি নেই এবং টিন, টালি বা অ্যাসবেস্টসের ছাউনিযুক্ত বাড়িতে বসবাস করেন, তাঁদের সরকারি আবাসন প্রকল্পের আওতায় পাকা বাড়ির সুযোগ করে দেওয়াই এই মেলার মূল লক্ষ্য। এর মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


