
আরামবাগ, ২৭ নভেম্বর: ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে গোঘাটের বেঙ্গাই চৌমাথা সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বেঙ্গাই চৌমাথায় পরপর ৭টি দোকানে দুঃসাহসিক চুরি করে চোর। চোরের কাণ্ড শুনে একপ্রকার চক্ষু চড়কগাছ। রাত ১১টা থেকে চুরি শুরু করে ওই চোর। একের পর এক দোকানের অ্যাডবেস্টর ভেঙে ভেতরে ঢোকে। প্রত্যেক দোকানে নগদ টাকা চুরি করে। চুরির ধরন দেখে হতবাক ব্যবসায়ীরা। চুরি করে দোকানে আটকে পড়ে চোর। শব্দ পেয়ে স্থানীয় পুলিশের নজরে পড়ে ঘটনাটি। তারপরই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে ওই চোরকে ধরে। ধৃতের নাম রাজা বাওড়ি। বাড়ি তারকেশ্বর থানার কুলতেগড়ি এলাকায়।
ক্ষতিগ্রস্ত চা-মুড়ি ব্যবসায়ী মাধবী ঘোষ বলেন, রাত একটা পাঁচ নাগাদ খবর পেয়ে দোকানে এসে দেখি অ্যাডবেস্টর ভাঙা। আমার দোকান থেকে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে। আশ্চর্যের বিষয়, টাকা নেওয়ার পর দোকানের গ্যাস জ্বালিয়ে ডিম ভেজে মুড়ি দিয়ে খেয়েছে, চা বানিয়ে খেয়েছে। আবার যাওয়ার সময় নিজেই গ্যাস বন্ধ করে দিয়ে গেছে। দোকানের দামি সিগারেট বা অন্য কোনও জিনিসপত্র নেয়নি।
শেষমেশ পাশেই অন্য একটি দোকানে চুরি করার পর ভেতরে আটকে পড়ে যায় অভিযুক্ত। বাইরে বের হতে না পেরে দোকানের পাশে দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে দোকানের মালিকরা ছুটে আসেন এবং তাকে হাতেনাতে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, সে একাই এই চুরির ঘটনা ঘটিয়েছে।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। স্থানীয় টেলারিং দোকানের মালিক গৌতম কোনার বলেন, এত সিভিক পুলিশ, এত পুলিশ দিয়ে রেখেছে সরকার, তারপরও বেঙ্গাই চৌমাথার মতো জনবহুল জায়গায় পরপর সাতটি দোকানে চুরি হয় কী করে? এটি পুলিশের গাফিলতির কারণেই হচ্ছে।
ধৃতকে শুক্রবার আরামবাগ মহকুমা আদালতে নিয়ে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।


