
স্বস্তিকা অধিকারী, নয়াদিল্লি, ২৭ নভেম্বর: দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন ‘শীশ মহল’ এবার সাংবাদিকদের পরিদর্শনের জন্য খুলে দিল দিল্লির বিজেপি-শাসিত সরকার। শুক্রবার উত্তর দিল্লির ৬, ফ্ল্যাগস্টাফ রোডের ওই বাংলোয় সাংবাদিকদের নিয়ে যান রাজ্যের পূর্তমন্ত্রী পরবেশ বর্মা। বাংলোর বিলাসবহুল অন্দরসজ্জা, দামি আসবাবপত্র, ঝাড়বাতি থেকে শুরু করে বিশেষ সুযোগ-সুবিধার নানা ব্যবস্থা দেখে কার্যত চমকে যান সাংবাদিকরা। বাংলোটির ভিতরে বিভিন্ন সামগ্রীর পাশে তাদের দাম উল্লেখ করে বোর্ডও লাগানো হয়েছিল।
সরকারের তরফে জানানো হয়েছে, বাংলোটির মোট ব্যয়ের পরিমাণ ৫৮ কোটি ৮৩ লক্ষ ৬৬ হাজার ৩১৪ টাকা। প্রদর্শিত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ১১.৫৬ লক্ষ টাকার ঝাড়বাতি, ৫.৪৭ লক্ষ টাকার দু’আসনের সোফা এবং ৫.৬৯ লক্ষ টাকার পর্দা। এছাড়াও প্রায় ৩০ লক্ষ টাকার টিভি ইউনিট, ৪১.১৬ লক্ষ টাকার বৈঠকখানা, ৭.৫৮ লক্ষ টাকার লবি এবং ৫.৮০ লক্ষ টাকার পাউডার রুমের সাজসজ্জা নজর কেড়েছে। রান্নাঘর থেকে খাবার বা অন্যান্য সামগ্রী এক তলা থেকে অন্য তলায় নিয়ে যাওয়ার জন্য রয়েছে প্রায় ৭ লক্ষ টাকার বিশেষ লিফট ব্যবস্থাও।



শুধু অন্দরসজ্জাই নয়, বাংলোটির পরিকাঠামোও যথেষ্ট নজরকাড়া। প্রায় ১,৯০৫ বর্গমিটার জায়গা জুড়ে থাকা এই বাংলোয় রয়েছে আটটি শোবার ঘর এবং ১৩টি শৌচাগার। পাশাপাশি রয়েছে সনা ও জাকুজি-সহ বিশেষ ওয়েলনেস রুম। গোটা বাংলোয় বিলাসবহুল জীবনযাপনের জন্য একাধিক বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল বলে পরিদর্শনের পর উঠে এসেছে।
সাংবাদিকদের সামনে পরবেশ বর্মা জানান, সরকারি অর্থ কীভাবে খরচ হয়েছে, তা জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে। করদাতাদের টাকার হিসাব জনসমক্ষে তুলে ধরতেই এই উদ্যোগ। তাঁর দাবি, প্রদর্শিত সামগ্রীগুলির পাশে সংশ্লিষ্ট বিল ও ইনভয়েস নম্বরও দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসে সাধারণ মানুষের জন্যও বাংলোটি খুলে দেওয়া হতে পারে। অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যবস্থা চালুর কথাও ভাবা হচ্ছে। প্রাথমিকভাবে প্রবেশমূল্য ২০ টাকা হতে পারে বলে জানা গিয়েছে। প্রবীণ নাগরিক ও কলেজ পড়ুয়াদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন এই বাংলোয় বসবাস করতেন অরবিন্দ কেজরিওয়াল। ২০২৪ সালের অক্টোবরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি বাংলোটি ছেড়ে দেন। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলোটির সংস্কার ও নির্মাণে বিপুল সরকারি অর্থ ব্যয়ের অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি। সেই থেকেই বিজেপির দেওয়া ‘শীশ মহল’ নামটি রাজনৈতিক বিতর্কের পরিচিত প্রতীকে পরিণত হয়।
এদিকে, ২০২৬ সালের মার্চ মাসে দিল্লি বিধানসভায় পেশ হওয়া CAG রিপোর্টেও বাংলোটির সংস্কার সংক্রান্ত ব্যয়ের বিষয়টি উঠে আসে। রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে ৭.৯১ কোটি টাকা বরাদ্দের হিসাব থাকলেও প্রকল্পের চূড়ান্ত ব্যয় দাঁড়ায় ৩৩.৬৬ কোটি টাকা। প্রাথমিক অনুমানের তুলনায় এই ব্যয় প্রায় ৩৪২ শতাংশ বেশি। এর মধ্যে ১৮.৮৮ কোটি টাকা উন্নত মানের সামগ্রী, শৈল্পিক ও অলংকরণমূলক কাজে ব্যয় হয়েছে বলে উল্লেখ করা হয়। যদিও বিজেপি এই রিপোর্টকে হাতিয়ার করে অনিয়মের অভিযোগ তুলেছে, আম আদমি পার্টি সেই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করেছে।
তবে বাংলোর ভিতরে আরও একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে রয়েছে সাদা মার্বেলের একটি মন্দির, যার মূল্য ৬.৭১ লক্ষ টাকা বলে প্রদর্শিত হয়েছে। মন্দিরে ভগবান শিব ও দেবী দুর্গার মূর্তির পাশাপাশি রয়েছে যিশু খ্রিস্টের ছবিও।

বাংলোর বিলাসবহুল অন্দরসজ্জার পাশাপাশি এই মন্দিরের উপস্থিতিও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।


