
স্বস্তিকা অধিকারী, নয়াদিল্লি, ২৭ নভেম্বর: সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন বিল (Delimitation Bill) পেশ করা হবে কি না, তা নিয়ে জল্পনা আরও উসকে দিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিশেষ অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল ও সরকারি কাজকর্ম নিয়ে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিলেও ডিলিমিটেশন বিল নিয়ে সরাসরি কোনও ঘোষণা করেননি তিনি। ফলে এই বিলকে ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল আরও বেড়েছে।
শুক্রবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দলমত নির্বিশেষে সমস্ত সাংসদের কাছে সংসদের চার দিনের বিশেষ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতার আবেদন জানিয়েছেন। কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন প্রক্রিয়া এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত কাঠামোয় সম্ভাব্য পরিবর্তন নিয়ে বিরোধীদের সমালোচনার আবহেই তাঁর এই আবেদন। রিজিজু জানিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ বিল এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সরকারি কাজকর্ম নিয়ে আলোচনার জন্যই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর লোকসভা এবং ২ ও ৩ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন বসবে।
এদিকে, মহিলা সংরক্ষণ এবং লোকসভা ও বিধানসভায় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের খবর সামনে আসতেই ডিলিমিটেশন নিয়ে জল্পনা নতুন মাত্রা পেয়েছে। প্রস্তাব অনুযায়ী, লোকসভার সর্বোচ্চ আসনসংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রাজ্যগুলির জন্য সর্বোচ্চ ৮১৫টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসন রাখার প্রস্তাব রয়েছে। পাশাপাশি, রাজ্যগুলিতে লোকসভা আসনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে বর্তমান প্রতিনিধিত্বের অনুপাত বজায় রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এই উদ্যোগের সঙ্গে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করার বিষয়টি যুক্ত।
তবে প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধীদের একাংশের আপত্তি রয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্ব ও সংসদে প্রভাব কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে একাধিক দল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যের বর্তমান ৭.১৮ শতাংশ লোকসভা প্রতিনিধিত্ব বজায় রাখার দাবি জানিয়েছেন। অন্যদিকে, এনসিপি (শরদচন্দ্র পওয়ার) প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থনের ক্ষেত্রে প্রতিটি রাজ্যে সমান হারে আসন বৃদ্ধির শর্তের কথা জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী প্রস্তাব লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সেই উদ্যোগ বাস্তবায়নের পথ আটকে যায়। এবার নতুন প্রস্তাব ঘিরে ফের রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সংসদের বিশেষ অধিবেশনে কেন্দ্র শেষ পর্যন্ত ডিলিমিটেশন বিল পেশ করে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


