
স্বস্তিকা অধিকারী, ২৭ নভেম্বর: বাংলাদেশে শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান উৎপাদন খরচের জেরে এবার বিকল্প উৎপাদন কেন্দ্রের দিকে ঝুঁকছে বিশ্বের একাধিক নামী ফ্যাশন সংস্থা। সেই তালিকায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত। আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড জারা (Zara), এইচঅ্যান্ডএম (H&M), মার্কস অ্যান্ড স্পেনসার (Marks & Spencer) এবং সেলিও (Celio)-সহ একাধিক সংস্থা বাংলাদেশ থেকে তাদের পোশাক তৈরির বরাত সরিয়ে এশিয়ার অন্যান্য দেশে পাঠাচ্ছে। সূত্রের খবর, নভেম্বরের ১ থেকে ১৮ তারিখের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলার (প্রায় ২,৩০০ কোটি টাকা) মূল্যের পোশাক তৈরির বরাত অন্য দেশে সরিয়ে দেওয়া হয়েছে। এর সিংহভাগই পেয়েছে ভারত।
বাংলাদেশের তিন পোশাক প্রস্তুতকারক সংস্থার মালিক জানিয়েছেন, নভেম্বরের প্রথমার্ধে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলি বাংলাদেশে তাদের মাসিক পোশাক তৈরির বরাতের প্রায় ১০ শতাংশ অন্য দেশে সরিয়ে দিয়েছে। ভারতের পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়াতেও কিছু বরাত গিয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ, মজুরি বৃদ্ধি, বিদ্যুতের ঘাটতি, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক অনিশ্চয়তা এই পরিস্থিতির অন্যতম কারণ। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর হিসাব অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভ ও উৎপাদন ব্যাহত হওয়ার কারণে শিল্পক্ষেত্রে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে।
পরিস্থিতি আরও জটিল হয়েছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত ঘিরে। সম্প্রতি বাংলাদেশে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে মাসিক ১৭ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শ্রমিকদের দাবির তুলনায় এই বৃদ্ধি যথেষ্ট নয় বলে অভিযোগ উঠেছে। সিদ্ধান্ত ঘোষণার পর নতুন করে শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। অন্যদিকে, উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে ভারতের পোশাক শিল্পের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। শিল্প বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের তুলনায় ভারতে উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে কিছুটা সময়ের সুবিধা রয়েছে। বাংলাদেশে একটি পোশাকের উৎপাদন ও সরবরাহ সম্পূর্ণ করতে যেখানে প্রায় ১২০ দিন সময় লাগে, সেখানে ভারতের মতো বিকল্প উৎপাদন কেন্দ্রগুলিতে তা ৬০ থেকে ৯০ দিনের মধ্যে সম্ভব। ফলে কম সময়ে পণ্য সরবরাহের সুবিধা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলিকে ভারতমুখী করছে। ইতিমধ্যেই এই খবরের প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম এক পর্যায়ে ১১ শতাংশ পর্যন্ত বেড়েছে। ট্রাইডেন্ট-সহ অন্যান্য বস্ত্র উৎপাদনকারী সংস্থার শেয়ারেও ঊর্ধ্বগতি দেখা গিয়েছে।
তবে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, সাময়িকভাবে অন্য দেশে সরিয়ে দেওয়া বরাত ভবিষ্যতে স্থায়ীভাবে হাতছাড়া হতে পারে। শিল্পমহলের আশঙ্কা, পরিস্থিতি স্বাভাবিক হলেও আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প উৎপাদন কেন্দ্রগুলির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে পারেন। ফলে উৎপাদনে স্থিতিশীলতা ফেরানো এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার করাই এখন বাংলাদেশের পোশাক শিল্পের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


