

তানিসা দাস ভোপাল, ২৭ নভেম্বর : ঘরের মাঠে শিরোপা ধরে রাখার অভিযানে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ মাঠে নামছে ভারতীয় মহিলা হকি দল। মধ্যপ্রদেশের ভোপালের নাথু বরখেদার ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে চলমান মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬-এর সেমিফাইনালে আজ সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার মুখোমুখি হবে সালিমা তেতের দল।লিগ পর্বে ৫টি ম্যাচের ৫টিতেই জিতে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। পুরো লিগ পর্বে ২৩টি গোল করার পাশাপাশি মাত্র ৪টি গোল হজম করেছে কোচ সোর্ড মারিজনের দল। সাম্প্রতিক সময়ে টানা ১৪টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি দিন দুয়েক আগেই জাপানকে ৪-০ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো FIH বিশ্ব র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছে টিম ইন্ডিয়া।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের তারকা ফরোয়ার্ড দীপিকা শেরাওয়াত। চীন ও থাইল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি দুরন্ত ছন্দে আছেন। তাঁর পাশাপাশি অধিনায়ক সালিমা তেতে, নবনীত কৌর এবং লালরেমসিয়ামির আক্রমণাত্মক খেলা ভারতকে অপ্রতিরোধ্য করে তুলেছে। অন্যদিকে, গত ১৯ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও মালয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল ভারত। তবে শেষ লিগ ম্যাচে থাইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া মালয়েশিয়াও লড়াইয়ের জন্য প্রস্তুত।
আজকের অপর সেমিফাইনালে বিকেল ৪:৩০ মিনিটে মুখোমুখি হবে চীন ও জাপান। ২০১৬, ২০২৩ এবং ২০২৪ সালে শিরোপা জেতা ভারতের সামনে এবার রেকর্ড চতুর্থবারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের হাতছানি। সন্ধ্যা ৭টা থেকে জিওহটস্টার (JioHotstar) এবং স্টার স্পোর্টস ২ (Star Sports 2)-এ ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে।
বিশ্ব র্যাঙ্কিংয়ের চারে ওঠার আত্মবিশ্বাস এবং ঘরের মাঠের দর্শকদের সমর্থন নিয়ে আজ মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করাই লক্ষ্য ভারতের মেয়েদের।
Source -হকি ইন্ডিয়া (Hockey India) এবং সাই মিডিয়া (SAI Media)-এর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম


