
স্বস্তিকা অধিকারী, ২৬ নভেম্বর: আমেরিকার শিশুদের জন্য প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলারের উপহারের ঘোষণা করলেন বিশ্বের অন্যতম ধনকুবের ও SpaceX-এর প্রতিষ্ঠাতা তথা CEO ইলন মাস্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের শিশুদের জন্য তাঁর মহাকাশ গবেষণা সংস্থা SpaceX-এর দুটি করে শেয়ার দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এর মধ্যে একটি শেয়ার দেবে সংস্থাটি নিজেই, অন্যটি নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মাস্ক। বুধবার নিজের X হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা করেন তিনি।

SpaceX-এর তরফে জানানো হয়েছে, সংস্থার পক্ষ থেকে নতুন করে ইস্যু করা একটি Class A Common Stock দেওয়া হবে বর্তমানে সক্রিয় প্রতিটি Trump Account-এ। পাশাপাশি, সংস্থার তরফে যতগুলি শেয়ার দেওয়া হবে, সমপরিমাণ শেয়ার নিজের ব্যক্তিগত মালিকানা থেকেও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মাস্ক। তাঁর ঘোষণা অনুযায়ী, SpaceX-এর শেয়ার আগামী ডিসেম্বর মাসে হস্তান্তর করা হবে। অন্যদিকে, ব্যক্তিগত মালিকানাধীন শেয়ার হস্তান্তর করা হবে ২০২৭ সালের জুন মাসে। সেই সময় তাঁর শেয়ার বিক্রির উপর থাকা Lock-up Period শেষ হবে। বুধবারের বাজারদর অনুযায়ী, SpaceX-এর একটি শেয়ারের মূল্য ছিল ১২৭.৪৪ ডলার। সেই হিসাব অনুযায়ী, এই উপহারের মোট আনুমানিক আর্থিক মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সি শিশুদের ভবিষ্যতের জন্য তৈরি একটি বিশেষ বিনিয়োগ প্রকল্প হল Trump Account। দীর্ঘমেয়াদে সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে শিশুদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ৭০ মিলিয়ন অ্যাকাউন্ট খোলা হয়েছে। তবে মাস্কের ব্যক্তিগত মালিকানাধীন শেয়ারগুলিও Trump Account-এর মাধ্যমেই হস্তান্তর করা হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এর আগে গত অক্টোবর মাসে SpaceX-এর প্রেসিডেন্ট ও COO Gwynne Shotwell এবং তাঁর স্বামীও এই প্রকল্পের আওতায় ২০ লক্ষেরও বেশি SpaceX শেয়ার শিশুদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এই ঘোষণার মাধ্যমে মার্কিন শিশুদের আর্থিক ভবিষ্যতের সঙ্গে মহাকাশ প্রযুক্তি সংস্থার মালিকানার যোগসূত্র তৈরি করার উদ্যোগ নিয়েছে SpaceX। তবে শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া এখনও গুরুত্বপূর্ণ।


