
অনিন্দ্য দত্ত, ২৪ নভেম্বর : মার্ভেল ভক্তদের উত্তেজনা এবার তুঙ্গে! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল Marvel Studios-এর বহু প্রতীক্ষিত ছবি ‘Avengers: Doomsday’-এর ফাইনাল ট্রেলার। আর ট্রেলার প্রকাশ্যে আসতেই সুপারহিরো দুনিয়ায় শুরু হয়েছে নতুন করে উন্মাদনা। কারণ, এবার শুধু Avengers নয়, Doctor Doom-এর বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে দেখা যাবে X-Men, Fantastic Four-সহ একাধিক মহাবিশ্বের শক্তিশালী সুপারহিরোদের। অ্যাকশন, আবেগ, পুরনো চরিত্রের প্রত্যাবর্তন এবং মাল্টিভার্সের ভয়ংকর সংকট—সব মিলিয়ে নতুন এই ট্রেলার দর্শকদের সামনে তুলে ধরেছে এক মহাযুদ্ধের ইঙ্গিত।
ট্রেলারের শুরুতেই রয়েছে বড় চমক। ফিরে এসেছেন Chris Evans অভিনীত Steve Rogers এবং Hayley Atwell-এর Peggy Carter। ‘Avengers: Endgame’-এর শেষে অতীতে ফিরে গিয়ে পেগির সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন স্টিভ। এবার সেই জীবনেরই নতুন ছবি সামনে এসেছে। দুজনের একটি সন্তানও রয়েছে। ছেলেকে নিজের অতীত এবং Captain America হিসেবে পরিচয় জানানো উচিত কি না, তা নিয়ে স্টিভ ও পেগির কথোপকথন ট্রেলারের শুরুতেই আবেগের অন্য মাত্রা যোগ করেছে। তবে এই পারিবারিক জীবনের মাঝেই হাজির হয় Fantastic Four-এর সদস্যরা। Reed Richards, Sue Storm, Johnny Storm এবং The Thing-এর আগমন বুঝিয়ে দেয়, পৃথিবীর সামনে এবার এমন এক বিপদ অপেক্ষা করছে, যার মোকাবিলায় স্টিভ রজার্সের প্রত্যাবর্তন অত্যন্ত জরুরি।
ছবির সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে Robert Downey Jr.-এর Doctor Doom। এতদিন যাঁকে দর্শক Iron Man বা Tony Stark হিসেবে চিনেছেন, এবার তিনিই মার্ভেলের অন্যতম ভয়ংকর প্রতিপক্ষ। যদিও Doctor Doom-এর সঙ্গে Tony Stark-এর কোনও সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে তাঁর উপস্থিতি যে MCU-র গল্পে বড়সড় পরিবর্তন আনতে চলেছে, তা স্পষ্ট।
অন্যদিকে, পুরনো X-Men চরিত্রদের প্রত্যাবর্তন ট্রেলারকে দিয়েছে বাড়তি মাত্রা। James Marsden-কে আবারও দেখা যাচ্ছে Cyclops-এর ভূমিকায়। তাঁর মুখে শোনা যায় কমিকসের জনপ্রিয় সংলাপ, ‘To me, my X-Men!’ পাশাপাশি Patrick Stewart-এর Professor X, Ian McKellen-এর Magneto, Rebecca Romijn-এর Mystique, Alan Cumming-এর Nightcrawler, Kelsey Grammer-এর Beast এবং Channing Tatum-এর Gambit-কে দেখা গিয়েছে। অর্থাৎ পুরনো X-Men দুনিয়ার একাধিক পরিচিত মুখ এবার Avengers-এর সঙ্গে একই লড়াইয়ে শামিল হতে চলেছে।
তবে সব সুপারহিরোর মধ্যে শুরু থেকেই যে ঐক্য থাকবে, এমন ইঙ্গিত কিন্তু ট্রেলারে নেই। বরং Sam Wilson-এর Captain America এবং Cyclops-এর মধ্যে সংঘর্ষের দৃশ্য নতুন কৌতূহল তৈরি করেছে। অন্যদিকে, Thor-এর বক্তব্যে উঠে এসেছে একজোট হওয়ার প্রয়োজনীয়তা। তাঁর বার্তা, ব্যক্তিগত মতবিরোধ ভুলে এবার সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। কারণ, বিপদ যখন গোটা মহাবিশ্বের অস্তিত্বের উপর, তখন আলাদা লড়াই করে জয় পাওয়া সম্ভব নয়।
ট্রেলারের অন্যতম ভয়ংকর দৃশ্যে দেখা যায়, আকাশে দুটি গ্রহ যেন একে অপরের দিকে ধেয়ে আসছে। যা Marvel-এর পরিচিত ‘Incursion’ ধারণার কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ দুটি ভিন্ন Universe-এর সংঘর্ষে ধ্বংস হয়ে যেতে পারে তাদের অস্তিত্ব। এই মাল্টিভার্স সংকটই ছবির মূল সংঘাতের অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন অনুরাগীরা।
সব মিলিয়ে ‘Avengers: Doomsday’-এর ফাইনাল ট্রেলার শুধু সুপারহিরোদের একসঙ্গে লড়াইয়ের ঝলক নয়, বরং মার্ভেলের আগামী অধ্যায়ের এক বড়সড় ইঙ্গিত। Steve Rogers-এর আবেগঘন প্রত্যাবর্তন, Doctor Doom-এর রহস্যময় উপস্থিতি, X-Men-এর নস্টালজিয়া এবং Fantastic Four-এর সংযুক্তি—সবকিছু মিলিয়ে ছবিটি ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে। ছবিটি ভারতে মুক্তি পাওয়ার কথা ১৭ ডিসেম্বর, ২০২৬। এখন দেখার, এতগুলি শক্তিশালী চরিত্র একসঙ্গে এসেও Doctor Doom-এর ভয়ংকর পরিকল্পনা আটকাতে পারে কি না!


