
অনিন্দ্য দত্ত, ২৪ নভেম্বর :
এক বছর কেটে গিয়েছে। কিন্তু প্রিয় মানুষকে হারানোর কষ্ট আজও একই রকম। বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্বামীকে স্মরণ করে আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী হেমা মালিনী। সমাজমাধ্যমে তাঁদের একসঙ্গে কাটানো কিছু পুরনো ছবি ভাগ করে নিয়ে জানালেন, ধর্মেন্দ্র শুধু তাঁর স্বামী ছিলেন না, ছিলেন জীবনের সবচেয়ে বড় ভরসা, বন্ধু এবং পথপ্রদর্শক।
মঙ্গলবার, ২৪ নভেম্বর ধর্মেন্দ্রর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি দীর্ঘ পোস্ট করেন হেমা। সেখানে তিনি লেখেন, “একটা গোটা বছর পেরিয়ে গেল, কিন্তু আমার শোকের গভীরতা একটুও কমেনি।” ধর্মেন্দ্রকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে হেমা জানান, তাঁর কাছে ধর্মেন্দ্র ছিলেন সবকিছু। জীবনের প্রতিটি কঠিন সময়ে যাঁর উপর ভরসা করা যেত, সেই মানুষটির অনুপস্থিতি আজও তাঁকে শূন্য করে রেখেছে।
স্বামীর ব্যক্তিত্বের কথা বলতে গিয়ে হেমা স্মরণ করেছেন তাঁর সরলতা, ভালোবাসা এবং মাটির কাছাকাছি থাকার স্বভাবকে। তাঁর কথায়, সাফল্যের শিখরে পৌঁছেও ধর্মেন্দ্র নিজের শিকড়কে কখনও ভুলে যাননি। পরিচিত-অপরিচিত সকলের প্রতি তাঁর আন্তরিকতা এবং ভালোবাসাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।
পোস্টে হেমা মালিনী ভগবদ্গীতার কথাও উল্লেখ করেন। গীতায় আত্মার অমরত্ব ও পুনর্জন্মের কথা বলা হয়েছে, তা তিনি জানেন। কিন্তু সেই বিশ্বাস থাকা সত্ত্বেও বাস্তব জীবনে ধর্মেন্দ্রর অনুপস্থিতি মেনে নেওয়া তাঁর পক্ষে কঠিন। তাই আজও স্বামীর স্নেহমাখা উপস্থিতি মিস করেন তিনি। একই সঙ্গে ধর্মেন্দ্রকে ভালোবেসে যাওয়া অনুরাগীদেরও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। তাঁর প্রয়াত স্বামীকে মনে রাখার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ নভেম্বর, ৮৯ বছর বয়সে প্রয়াত হন ধর্মেন্দ্র। ছয় দশকেরও বেশি দীর্ঘ অভিনয়জীবনে তিন শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। ‘শোলে’, ‘সীতা অউর গীতা’, ‘চুপকে চুপকে’, ‘ফুল অউর পাথর’-এর মতো ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। অন্যদিকে, পর্দায় ধর্মেন্দ্র ও হেমা মালিনীর জুটি একসময় দর্শকদের কাছে ছিল বিশেষ আকর্ষণ। ১৯৮০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তাঁদের দুই কন্যা এশা দেওল ও অহনা দেওল।
পর্দার জনপ্রিয় জুটি থেকে জীবনের সঙ্গী—ধর্মেন্দ্রর সঙ্গে দীর্ঘ পথচলার স্মৃতি আজও হেমার জীবনে গভীরভাবে জড়িয়ে। প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর এই আবেগঘন স্মৃতিচারণ আরও একবার মনে করিয়ে দিল, তারকার পরিচয়ের আড়ালেও থাকে একান্ত ব্যক্তিগত ভালোবাসা, স্মৃতি আর হারানোর বেদনা।


