
অনিন্দ্য দত্ত, ২৪ নভেম্বর: দক্ষিণী চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে বিশেষ ভূমিকায় বিজয় সেতুপতি। ৫৪তম International Emmy Awards-এর মঞ্চে পুরস্কার প্রদানকারী হিসেবে হাজির হয়ে নজর কাড়লেন জনপ্রিয় এই অভিনেতা। নিউ ইয়র্কে আয়োজিত তারকাখচিত অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পী ও চলচ্চিত্র নির্মাতাদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে ওঠে এমির মঞ্চ। আর সেই মঞ্চেই ভারতীয় চলচ্চিত্র জগতের প্রতিনিধি হিসেবে বিশেষ আকর্ষণ হয়ে ওঠেন বিজয়।
অভিনয়ের স্বাভাবিক ধরন, চরিত্র বেছে নেওয়ার অভিনবত্ব এবং পর্দায় নিজস্ব উপস্থিতির জন্য বরাবরই দর্শকদের কাছে আলাদা জায়গা তৈরি করেছেন বিজয় সেতুপতি। এবার তাঁর আন্তর্জাতিক মঞ্চে এই উপস্থিতি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে অভিনেতাকে। অনুষ্ঠানে তাঁর পোশাক ও ব্যক্তিত্বও নজর কেড়েছে অনুরাগীদের।
উল্লেখ্য, International Emmy Awards বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন অনুষ্ঠান ও শিল্পীদের কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। এবারের আসরে ২২টি দেশের শিল্পীরা ১৬টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভারত থেকেও ছিল একাধিক মনোনয়ন। তবে বিজয় সেতুপতি নিজে এবার পুরস্কার গ্রহণ করতে নয়, বরং পুরস্কার প্রদানকারীর দায়িত্বেই এমির মঞ্চে উপস্থিত ছিলেন।
দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ থেকে আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে এমন উপস্থিতি—বিজয় সেতুপতির কেরিয়ারে নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য মুহূর্ত।


