
গোঘাট: দিব্যি হেঁটে-চলে বেড়াচ্ছেন। সংসারের কাজকর্মও করছেন। অথচ সরকারি নথিতে তিনি মৃত! এমনই অদ্ভুত পরিস্থিতির শিকার গোঘাটের গৃহবধূ বিনতা পাল। অভিযোগ, বড় মেয়ের মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে গিয়ে ভুলবশত মায়ের আধার নম্বর যুক্ত হয়ে যায়। আর সেই ভুলের জেরে গত আড়াই বছর ধরে সরকারি খাতায় মৃত হিসেবেই পরিচিত বিনতা। বন্ধ হয়ে গিয়েছে একের পর এক সরকারি সুযোগ-সুবিধা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও এখনও মেলেনি সমস্যার সমাধান।
গোঘাটের কুমুড়সা অঞ্চলের পাতুলসাড়া এলাকার বাসিন্দা বিনতা পাল। পরিবারের অভিযোগ, ২০২৪ সালে তাঁর বড় মেয়ে অসুস্থ হয়ে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তাঁর। এরপর মৃত্যুর তথ্য অনলাইনে নথিভুক্ত করার সময় নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে মেয়ের পরিবর্তে বিনতা পালের আধার নম্বর যুক্ত করে দেওয়া হয় বলে অভিযোগ। তার পর থেকেই সরকারি নথিতে বিনতাকে মৃত হিসেবে দেখানো হচ্ছে।
এর ফলে কার্যত বিপাকে পড়েছে গোটা পরিবার। রেশন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার, আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বিনতা। শুধু তাই নয়, মায়ের নথিতে ভুল তথ্যের প্রভাব পড়েছে ছোট মেয়ের জীবনেও। পরিবারের দাবি, সরকারি নথিতে মায়ের অস্তিত্ব না থাকায় নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের।
সমস্যা সমাধানের আশায় পঞ্চায়েত, ব্লক প্রশাসন থেকে শুরু করে কলকাতার আধার দপ্তর পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরেছেন বিনতা ও তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু অভিযোগ, প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও ভুল সংশোধন হয়নি। জীবিত একজন মানুষকে সরকারি নথিতে মৃত দেখানোর এই ঘটনা প্রশাসনিক ব্যবস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে।
পরিবারের আশঙ্কা, দ্রুত এই ভুল সংশোধন না হলে আগামী দিনে আরও নানা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে তাঁদের। এখন তাঁদের একটাই দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক এবং আধার সংক্রান্ত নথিতে থাকা ভুল তথ্য সংশোধনের ব্যবস্থা করুক। জীবিত মানুষের সরকারি পরিচয় ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন বিনতা পাল।


