
গোঘাট:-প্রকৃতির রোষে কার্যত পথে বসার জোগাড় কৃষকদের! আকভানের প্রভাবে টানা বর্ষণে জলমগ্ন গোঘাটের বিস্তীর্ণ কৃষিজমি। কোথাও মাঠের পর মাঠ পাকা ধান জলের তলায়, কোথাও আবার খালের উপচে পড়া বন্যার জলে ভেসে যাচ্ছে কৃষকদের সারা বছরের পরিশ্রম। ধান থেকে শুরু করে বেগুন, পটল, লঙ্কা, টমেটো, মুলো—একাধিক ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় এখন কার্যত মাথায় হাত চাষিদের। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চলের গুরুলিয়া মাঠের পশ্চিমপাড়ায় পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে। টানা বৃষ্টির জেরে এলাকার খালে জলস্তর বেড়ে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জলের তোড়ে কৃষিজমিতে ঢুকে পড়েছে বন্যার জল। কোথাও ধান গাছ জলের নিচে তলিয়ে গিয়েছে, আবার কোথাও জমির ফসল কার্যত ভাসিয়ে নিয়ে গিয়েছে জলের স্রোত। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন ধানচাষিরা। তাঁদের দাবি, কোনওরকমে ধান গাছ রক্ষা করা সম্ভব হলেও জমিতে পড়ে থাকা সেই ধান আর ঘরে তোলার উপযুক্ত নেই। অতিরিক্ত বৃষ্টিতে ধানের গুণগত মান নষ্ট হয়েছে। ফলে ফসল ঘরে তুললেও তা বিক্রি করে ন্যায্য দাম পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে, বেগুনের ফুল ও ফল ইতিমধ্যেই নষ্ট হতে শুরু করেছে। পটল, লঙ্কা, টমেটো ও মুলোর জমিতেও জল জমে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের কথায়, চাষের জন্য ধারদেনা করে জমিতে টাকা ঢেলেছিলেন তাঁরা। ভেবেছিলেন, ফসল ঘরে তুললে ঋণ শোধ করে সংসার চালাবেন। কিন্তু ফসল কাটার মুখেই প্রকৃতির এই নির্মম আঘাতে সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার। এখন তাঁদের একটাই দাবি, প্রশাসন দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষিজমি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির হিসাব করুক এবং উপযুক্ত সরকারি ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। কৃষকদের বক্তব্য, মানবিক সরকার যদি এই দুর্দিনে তাঁদের পাশে না দাঁড়ায়, তাহলে কীভাবে সংসার চলবে, কীভাবেই বা ঋণের বোঝা সামলাবেন? কেউ কেউ চরম হতাশায় আত্মহত্যার কথাও ভাবছেন বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের আর্থিক সহায়তা করা অত্যন্ত জরুরি। প্রশ্ন একটাই, প্রকৃতির এই দুর্যোগে সর্বস্বান্ত হতে বসা গোঘাটের কৃষকদের পাশে কি এবার দাঁড়াবে প্রশাসন? নাকি চোখের সামনে এভাবেই জলের তোড়ে ভেসে যাবে কৃষকদের সারা বছরের স্বপ্ন?


