
কলকাতা: বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য দফতরে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের উপস্থিতিকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হল। বুধবার বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করলেন ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন।
বৈঠকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা ও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিকও উঠে আসে আলোচনায়।
পাশাপাশি, ভারতের বিভিন্ন প্রান্তে বাঙালিদের ব্যাপক উপস্থিতি ও তাঁদের বিস্তার নিয়েও নিজের পর্যবেক্ষণের কথা তুলে ধরেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন। সব মিলিয়ে বিজেপির রাজ্য দফতরে এই সাক্ষাৎ ও বৈঠককে ভারত-অস্ট্রেলিয়া সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


