
স্বস্তিকা অধিকারী, নয়াদিল্লি, ২৬ নভেম্বর: সংবিধান দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় সংবিধানের প্রণেতা বাবাসাহেব ড. বি. আর. আম্বেদকর এবং গণপরিষদের সকল বিশিষ্ট সদস্যকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে সংবিধানের গুরুত্ব তুলে ধরলেন তিনি। এই উপলক্ষে সংবিধানের মূল্যবোধকে আরও শক্তিশালী করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে নিজের এক্স (X) হ্যান্ডলে সংবিধান দিবসের শুভেচ্ছাবার্তা প্রকাশ করেন মোদি। সেখানে তিনি লেখেন, ভারতীয় গণতন্ত্রের অমূল্য ঐতিহ্য হল সংবিধান। গণপরিষদের বিশিষ্ট সদস্যদের তৈরি এই সংবিধান ‘বিকশিত ভারত’-এর সংকল্প বাস্তবায়নের পথে দেশকে ধারাবাহিকভাবে দিশা দেখাবে। পাশাপাশি, সংবিধানে নিহিত মূল্যবোধকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি। এই বার্তার সঙ্গে একটি সংস্কৃত শ্লোকও ভাগ করে নেন প্রধানমন্ত্রী। শ্লোকটির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, জ্ঞানী ব্যক্তিদের গভীর চিন্তাভাবনা ও আলোচনার মাধ্যমে নির্ধারিত নীতি ও আদর্শ কখনও সহজে হারিয়ে যায় না; বরং তা দীর্ঘস্থায়ী হয়।
অন্যদিকে, সংবিধানকে সামাজিক ন্যায়বিচার ও ‘বিকশিত ভারত’ গঠনের পথে চিরন্তন দিশারি হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের একটি প্রবন্ধও ভাগ করে নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দফতরের এক্স হ্যান্ডলে প্রকাশিত বার্তায় জানানো হয়, ওই প্রবন্ধে মেঘওয়াল বাবাসাহেব আম্বেদকরের ভারতের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ এবং সংবিধানের গুরুত্বপূর্ণ বিধানের ভূমিকা তুলে ধরেছেন।
প্রবন্ধে বিশেষভাবে পিছিয়ে পড়া শ্রেণি, আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠী এবং মহিলাদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, দেশ গঠনের ক্ষেত্রে সাংবিধানিক মূল্যবোধের গুরুত্বের উপরেও জোর দিয়েছেন মেঘওয়াল। তাঁর বক্তব্যের মূল সুর, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংবিধানের আদর্শ ও নীতিগুলিকে বাস্তবে কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংবিধান দিবসে প্রধানমন্ত্রীর এই বার্তা ও প্রবন্ধ ভাগ করে নেওয়ার ঘটনাকে সংবিধানের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি কেন্দ্রের অঙ্গীকারের প্রতিফলন হিসেবেই তুলে ধরা হয়েছে।


