
স্বস্তিকা অধিকারী, বরাবাঁকি, ২১ নভেম্বর: রাজস্থান থেকে এক ব্যক্তির মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি অ্যাম্বুল্যান্স। শনিবার সকালে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একটি পিকআপ ভ্যানে পিছন থেকে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অ্যাম্বুল্যান্সে থাকা পাঁচজনের। মৃতদের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার এবং দু’জন রাজস্থানের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ বারাবাঁকি জেলার সুবেহা থানা এলাকার গেরাওয়া গ্রামের কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৫৩.৩ কিলোমিটার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। রাজস্থানের জয়পুর থেকে এক ব্যক্তির মৃতদেহ নিয়ে কোচবিহারের উদ্দেশে রওনা দিয়েছিল অ্যাম্বুল্যান্সটি। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে সেটি। সংঘর্ষের অভিঘাতে অ্যাম্বুল্যান্সটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও এক্সপ্রেসওয়ের উদ্ধারকারী দল। অ্যাম্বুল্যান্সে থাকা পাঁচজনকে উদ্ধার করে হায়দরগড়ের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় মৃতদের পরিচয়ও সামনে এসেছে। মৃতদের মধ্যে রয়েছেন রাজস্থানের জয়পুরের জওহর নগরের কাঁচি বস্তির বাসিন্দা মকবুল খান (৬২), আলওয়ারের পিপলখেড়ের বাসিন্দা হরিওম যোগী (৩৩) এবং পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মতিওয়ালার বাসিন্দা আমিনুল হক (৩২), রফিক (৫০) ও আলম। রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা। বারাবাঁকির পুলিশ সুপার রবিনা ত্যাগী জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সে দু’জন চালক ও পরিবারের তিনজন সদস্য ছিলেন। অন্যদিকে, লখনউ জোনের অতিরিক্ত পুলিশ মহানির্দেশক প্রবীণ কুমারের বক্তব্য অনুযায়ী, অ্যাম্বুল্যান্সটি একটি পিকআপ ভ্যানে পিছন থেকে ধাক্কা মারে। প্রাথমিক তদন্তে চালকের ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যানটি কেন দাঁড়িয়েছিল, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পৌঁছতেই কোচবিহারের মতিওয়ালা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


